আ.লীগ নেতার দখলে বিল পানিতে নামাও মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরের দোবিলা বিলের ২০২ একর জলাভূমি দখল করে মাছ চাষ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা হারুন-অর রশীদ। এক বছর ধরে তিনি সেখানে মাছ চাষ করছেন। এই বিলে স্থানীয় ব্যক্তিদের নামতে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ, এর আগে বিল উন্মুক্ত থাকায় তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরে সরকার বন্দোবস্ত দেওয়া শুরু করলে তাঁরা ছোট মাছ ধরতেন। আর এখন দখলকারীর দখলে চলে যাওয়ার পর পানিতে গোসল করতেও নামতে পারছেন না তাঁরা। স্থানীয়রা জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সৈয়দপুর, আজমপুর, মাঙ্গিরপাড়া, আদমপুর, কাদবিলা, মালাধরপুর, নওদাগ্রাম, বিদ্যাধরপুর, হোগলডাঙ্গা ও গায়ঘাটা গ্রামগুলোর মাঝে রয়েছে দোবিলা বিল। হুদা-আজমপুর মৌজার ৩৭৫ দাগে অবস্থিত এই বিলের মোট আয়তন ছিল ২২২ একর। কিন্তু সিএস রেকর্ডের সময় কীভাবে ওই জমির মধ্যে থেকে ২০ একর জমি মহেশপুরের জনৈক একরামুল হকের নামে রেকর্ড হয়ে যায়। পরে বিলের জায়গা দাঁড়ায় ২০২ একরে। বিলের পাড়ের বাসিন্দা বৃদ্ধা সামছুল আলম জানান, এক সময় এই বিল ছিল সম্পূর্ণ উন্মুক্ত। সেই সময় বিলপাড়ের গ্রামগুলোর দরিদ্র মানুষ এখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে নিজেরা জীবিকা নির্বাহ করেছে। ১৯৯১ সালের পর সরকার এই বিল বন্দোবস্ত দেওয়া শুরু করে। মাছ চাষের জন্য প্রতিবছর সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিতে হয়। এভাবে চলার পর গত বছর বিল আর বন্দোবস্ত দেওয়া হয়নি। ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস জানান, মামলা নিয়ে জটিলতায় বিল বন্দোবস্ত দেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশীদ বিলে মাছ ছাড়েন। তিনি প্রচারণা চালান, সরকারের কাছ থেকে বিল বন্দোবস্ত নিয়েছেন। তাঁরা জানতে পারেন, বিলটি আসলে বন্দোবস্ত দেওয়া হয়নি, কিন্তু বাড়ি ফিরে তাঁরা এর প্রতিবাদও করতে পারেননি। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এমন এক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, তিনি একদিন পানিতে নেমেছিলেন ছোট মাছ ধরার জন্য। তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয়েছে আর কখনো পানিতে নামলে পুলিশে দেওয়া হবে। নওদাগ্রামের আরেক ব্যক্তি জানান, দখলকারীরা তাঁদের গোসল করার জন্য পানিতে পর্যন্ত নামতে দেয়নি। নিকুঞ্জ কুমার বিশ্বাস জানান, সরকারিভাবে বিলটি উন্মুক্ত থাকার কথা। আর উন্মুক্ত জলাশয় স্থানীয় জনসাধারণ ব্যবহার করবে—এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের নেতা হারুন অর রশীদ বলেন, সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েই তিনি মাছ চাষ করছেন। আগামী বছরের জন্যও বন্দোবস্ত চেয়েছেন। বিলের পাড়ের লোকজনকে পানিতে নামতে দেওয়া হয় না—এ কথাটি ঠিক নয়।