আ.লীগ নেতার দখলে সরকারি কার্যালয়
মাদারীপুরের কালকিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের দুটি কক্ষ পৌর আওয়ামী লীগের সভাপতি দখলে নিয়ে ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় নয় মাস ধরে তিনি ওই দুটি কক্ষ দখলে রেখেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা পরিষদের সীমানার মধ্যে একটি ভবন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। ওই ভবনে নয়টি কক্ষ আছে। এর মধ্যে দুটি কক্ষ গত বছরের ডিসেম্বর মাস থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দখল করে রেখেছেন। একই সঙ্গে ওই কার্যালয়ের সামনে তিনি সাপ্তাহিক কালকিনি বার্তা নামের একটি সাপ্তাহিক পত্রিকার সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন।কালকিনি উপজেলা শহরের বাসিন্দা হানিফ বেপারী অভিযোগ করে বলেন, অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আওয়ামী লীগ নেতার ক্ষমতার দাপটে কিছু বলতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের এক কর্মী জানান, পত্রিকা অফিস স্থাপন করা হয়েছে তাই জনস্বাস্থ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ভয়ে অত্যাচার-নির্যাতন সহ্য করে যাচ্ছেন।আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি ভাড়া দিয়ে ওই দুটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করছি। এ বিষয়ে জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথাও হয়েছে।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ছাত্তার মিয়া বলেন, ‘আমরা এখানে চাকরি করতে এসেছি, তাই অনেক কথা বলতে পারি না। সরকারি অফিস ভাড়া দেওয়া সম্ভব নয়। আওয়ামী লীগের ওই নেতাকে কোনো কক্ষ ভাড়া দেওয়া হয়নি।’জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম খান জানান, সরকারি কার্যালয় ভাড়া দেওয়ার কোনো নিয়ম নেই। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা যদি ভাড়া দিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় কর্মকর্তাকে ওই দুটি কক্ষে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে।