আ.লীগ নেতার দরপত্র শিডিউল কে ছিঁড়েছেন?
লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদারিকাজে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খায়রুল আলমের দরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা এ ঘটনার জন্য উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও অপর ঠিকাদার শাহরিয়ার আলমকে দায়ী করেন।
হাসপাতাল কার্যালয় সূত্র জানায়, রোগীর পথ্য ও স্টেশনারি-সামগ্রী সরবরাহের জন্য দুটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। গত ৩০ জুলাই বৃহস্পতিবার বেলা একটা ছিল দরপত্র জমাদানের শেষ সময়।
খায়রুল আলম বলেন, ‘আমি দরপত্র জমা দিতে হাসপাতাল চত্বরে ঢুকি। সে সময় শাহরিয়ার আলম আচমকা এসে দরপত্রটি আমার হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যান। এতে আমি দরপত্র জমা দিতে পারিনি।’ তিনি জানান, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দেওয়াসহ দরপত্রের কার্যক্রম স্থগিত করতে আদালতে আবেদন করেছেন।
শাহরিয়ার আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি পুলিশের উপস্থিতিতে দরপত্র জমা দিয়ে হাসপাতাল ত্যাগ করি। পরে জানতে পারি, আওয়ামী লীগ নেতা খায়রুল আমার বিরুদ্ধে তাঁর দরপত্র ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা দিয়েছেন।’
আদিতমারী থানার ওসি আকতার হোসেন বলেন, দরপত্র জমা কার্যক্রম চলাকালে হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগ নেতা খায়রুল আলমের অভিযোগ তদন্ত করে দেখা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাসেম আলী বলেন, ‘খায়রুল আলম দরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ করলেও পুলিশ বা আমরা এর কোনো প্রত্যক্ষদর্শী পাইনি।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ-সুবিধা বিবেচনা করে তিনি নিজেই এটা করেছেন কি না, এ নিয়েও কোনো কোনো মহলে প্রশ্ন রয়েছে।’