আ.লীগ নেতার দুর্ব্যবহারে শিক্ষা কর্মকর্তা অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটায় শিক্ষক নিয়োগ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান এক শিক্ষা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সুধারাণী দাশ নামের ওই কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি আছেন।
বটিয়াঘাটা উপজেলা শিক্ষা কার্যালয়ে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সুধারাণী দাশ ২০১৩ সালে সেরা উপজেলা শিক্ষা কর্মকর্তার পুরস্কার পান।
ঘটনার প্রত্যক্ষদর্শী কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমান নুরুন্নবী জানান, আশরাফুল আলম লোকজনসহ মঙ্গলবার বিকেল পাঁচটার পর সুধারাণী দাশের কক্ষে ঢোকেন। সেখানে তিনি উপজেলার বাইরে থেকে শিক্ষক নিয়োগের বিষয়ে সুধারাণী দাশের কাছে কৈফিয়ত চান এবং অভিযোগ করেন, তিনি টাকা খেয়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান সুধারাণীর দিকে তেড়ে যান। ঠেকাতে গেলে নুরুন্নবী ও আরেক সহকারী শিক্ষা কর্মকর্তাকে ধাক্কা দিয়ে আশরাফুল আলম কক্ষ থেকে বের হয়ে যান। তিনি একটু পর আবার ফেরত আসেন। এ সময় তিনি হুমকি দেন, সুধারাণী ও বাকি সবাইকে বের করে দিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হবে।
এরপরই সুধারাণী অচেতন হয়ে পড়েন। তাঁকে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত নয়টা পর্যন্ত চেতনা না ফিরলে চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সুধারাণীর স্বামী সুজয় কুমার দাশ গতকাল বুধবার জানান, ওই দিন রাত দেড়টার পর সংজ্ঞা ফেরে সুধারাণীর। তবে কান্নাকাটি করতে করতে তিনি মাঝেমধ্যে চেতনা হারাচ্ছেন।
বেলা ১১টার দিকে সুধারাণী দাশের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, মোট নিয়োগের ১০ শতাংশ শিক্ষক উপজেলার বাইরে থেকে নেওয়ার সরকারি নিয়ম আছে। কিন্তু চেয়ারম্যান সে নিয়ম না মেনে উপজেলা থেকেই সব শিক্ষক নিয়োগের জন্য তাঁকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার কাছে তিনি তিন শিক্ষকবিশিষ্ট এক বিদ্যালয় থেকে একজনের বদলির সুপারিশ করেছেন। নিয়ম না থাকায় আমি সেটা করতে পারিনি।’
এসব অভিযোগের বিষয়ে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, ‘আমাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। এ দফায় উপজেলায় পাঁচটি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছিল। আমি উপজেলা শিক্ষা কমিটির চেয়ারম্যান আর উনি (সুধারাণী দাশ) সচিব। আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম উপজেলার বাইরের কাউকে নিয়োগ দিব না। তাহলে উনি এটা কেন করলেন?’ নিয়োগ বিষয়ে সরকারি নিয়মের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘রাখেন আপনার নিয়ম। সিদ্ধান্তই যেখানে হয়ে গেছে, সেখানে নিয়ম কিসের?’
প্রাথমিক শিক্ষার খুলনার বিভাগীয় উপপরিচালক এ কে এম গোলাম মোস্তফা বলেন, সুধারাণী দাশ আগেই তাঁর কাছে চেয়ারম্যানের বিষয়ে বলেছেন। ঘটনাটি তদন্তের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।