আ.লীগ নেতার নামে অভিযোগ প্রত্যাহারের দাবিতে ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগের নেতা সাজিদ হত্যা মামলার অভিযোগ থেকে জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের নাম প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার শ্রমিকেরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন। পরে তাঁরা বিক্ষোভ-সমাবেশ করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। গতকাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের শাপলা মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে দুপুর সাড়ে ১২টায়। বেলা একটায় একইভাবে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। ঘেরাও শেষে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একটি করে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে শ্রমিক নেতা এম এ মজিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে আগামী ১ নভেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট আহ্বান করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।