আ.লীগ নেতার নির্দেশে তিন চোরকে মুক্তি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চুরি করে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রলারসহ তিন ব্যক্তিকে আটক করে ইউনিয়ন পরিষদে হাজির করার পর আওয়ামী লীগের নেতার নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাঙ্গাবালীর চর যমুনা এলাকা থেকে গলাচিপা পৌরসভার সাবেক কমিশনার মো. জাহাঙ্গীর হোসেনের দুটি গরু চুরি করে ট্রলারে তুলে পালিয়ে যাচ্ছিল চোরের দল। এলাকাবাসী মো. শাহ আলম (৪৫), দুলাল আকন (৩৩) ও মো. কামাল মৃধাকে (৩২) চুরি হওয়া দুটি গরু, একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ হাতেনাতে আটক করে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাজির করে। ইউপি সদস্যরা কার্যালয়ে পৌঁছানোর আগেই রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলামের নির্দেশে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আটক করা ট্রলারটি টেনে নদী থেকে ডাঙ্গায় তুলে রাখে। বড়বাইশদিয়া ইউপির সদস্য মো. সোনা মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। বড়বাইশদিয়া ইউপির সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁকে ফোন করে চরহালিমের জনৈক বাহাদুর সিকদারের কাছে আটক ব্যক্তিদের হস্তান্তর করতে বলেন। গরুর মালিক মো. জাহাঙ্গীর হোসেন দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে গরু চুরির দায়ে আটক ব্যক্তিদের ছেড়ে দিয়েছেন।এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে কলাপাড়ায় ছিলাম। এলাকাবাসী গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে শুনে আমি আটক ব্যক্তিদের ইউপি সদস্য মো. নূরুল আমীনের জিম্মায় রাখতে বলেছি। আমি আজ (রোববার) এলাকায় এসেছি। এখন খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’তবে ইউপি সদস্য নূরুল আমীন প্রথম আলোকে বলেন, ‘আমার জিম্মায় কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। ব্যক্তিগত কাজে আমি এখন (গতকাল রোববার দুপুরে) গলাচিপা শহরে অবস্থান করছি।’