আ.লীগ নেতার নেতৃত্বে আসামি ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে পুলিশের কাছ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় করা একটি মামলার দুই আসামিকে ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শশীভূষণ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় রসুলপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদ গুরুতর আহত হয়েছেন।রসুলপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুর রব ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদ জানান, গত সোমবার রাতে উত্তর চরআইচা বাজারে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মিন্টুর লোকজন হারুন অর রশীদ ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এ ঘটনায় হাসান মিন্টুসহ ৪৭ জনকে আসামি করে চরফ্যাশন থানায় হারুন অর রশীদ একটি মামলা করেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার সময় ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম অভিযান চালিয়ে মামলার দুই আসামি আলমগীর গাজী ও হুমায়ুনকে গ্রেপ্তার করেন। এ সময় বাদী হারুন পুলিশের সঙ্গেই ছিলেন।গ্রেপ্তার হওয়ার সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আসামিদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। পিকআপে করে আসামিদের উপজেলা শহরে নিয়ে আসার পথে শশীভূষণ নতুন ব্রিজের কাছে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মিন্টুসহ ২৫-৩০ জন পুলিশের ওপর চড়াও হন। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে আলমগীর গাজী ও হুমায়ুনকে ছিনিয়ে নিয়ে যান। প্রতিপক্ষের লোকজন এ সময় বাদী হারুনকে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখেন। ভোরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন তাঁর বিরুদ্ধে আনা আসামি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘চেয়ারম্যান আবদুর রব ও হারুন কেন আমার নামে বদনাম রটাচ্ছে, তা আমি বুঝতে পারছি না।’চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক আসামি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জানান, গত সোমবারের সংঘর্ষ-সংঘাতের ঘটনায় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মিন্টু ও হারুন অর রশিদ দুটি মামলা করেছেন। এসআই রেজাউল করিম সেখানে ওই মামলার আসামিদের ধরতে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে গ্রেপ্তার করতে পারেননি।