আ.লীগ নেতার নেতৃত্বে চারটি চরের ধান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীব ইউনিয়নের চারটি চরের খাসজমিতে লাগানো কৃষকদের ধান কাটতে হয়েছে এক আওয়ামী লীগের নেতার নেতৃত্বে গঠিত একটি কমিটির সদস্যদের চাঁদা দিয়ে। এমনকি ইজারা নেওয়া জমির ধান কাটতেও চাঁদা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকেরা গত ১৫ দিনে চারটি চরের কমপক্ষে ৮০০ একর জমির ধান একরপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা ও অর্ধেক ধান দেওয়ার শর্তে কেটেছেন। কৃষকদের অভিযোগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী হাওলাদারের নেতৃত্বে নাগর আলী, আলম সিকদার, আজিজ মৃধা, ছিদ্দিক খান, রহমান মাস্টার ও আবু বক্কর মাস্টারকে চাঁদা দিয়েই চরের ধান কাটতে হয়েছে। আর এদের আশ্রয়দাতা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী প্রতিবছর ১ বৈশাখ থেকে ৩০ চৈত্রের মধ্যে চাষিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদনের মাধ্যমে এক বছরের জন্য ইজারা কিংবা ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) নিয়ে খাসজমি চাষাবাদ করবেন। কিন্তু সে নিয়ম এ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে না।
কৃষক আবদুল খালেক জানান, চর নিমদীর ২৪৪/৬ নম্বর দাগ ও ৯২ নম্বর খতিয়ানে তাঁর দেড় একর জমির ধান কেটে বাড়ির উঠানে রেখেছিলেন। চাঁদা না দেওয়ায় ওই ধান লুট করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চর মিয়াজান এলাকার এক কৃষক জানান, খাসজমিতে ঘর তুলে থাকার কারণে আমির আলীকে এক হাজার টাকা, দেড় একর খাসজমিতে ধান রোপণ করার সময় এক হাজার ৩০০ টাকা, আবার ধান কাটার সময় দুই হাজার ৫০০ টাকা দিতে হয়েছে।
চর ব্যারেটের বাদশা হাওলাদার, রফিজ সরদারসহ কয়েকজন কৃষক জানান, অর্ধেক ধান দিয়ে দেওয়ার শর্তে একরপ্রতি দুই হাজার টাকা চাঁদা দেওয়ার পর ধান কাটতে হয়েছে। এ রকম ওই চরের ৩০০ কৃষককে একইভাবে ধান কাটতে হয়েছে।
আমির আলী হাওলাদার বলেন, ‘চরের জমি নিয়ে মামলা চলছে। এ কারণে মামলার খরচ বাবদ নাগর আলী, আলম সিকদারসহ কয়েক ব্যক্তি কৃষকদের কাছ থেকে দুই হাজার করে টাকা করে নিয়েছেন।’ তবে এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। যদিও নাগর আলী, আলম সিকদার, আজিজ মৃধা, ছিদ্দিক খান, রহমান মাস্টার ও আবু বক্কর মাস্টার এ অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা ইব্রাহিম ফারুক বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, সময়মতো ডিসিআর আর লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।