আ.লীগ নেতার নেতৃত্বে চিংড়িঘেরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গায় গত সোমবার দুপুরে একটি চিংড়িঘেরে হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরগঙ্গা গ্রামের একটি চিংড়িঘের দখল নেওয়ার জন্য ঘেরমালিকের লোকজনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘেরের মালিক মো. রফিক মীর দাবি করেন, ঘেরের মালিকানার ২৫ শতাংশ অংশীদারি চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়।এ ব্যাপারে এনামুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রফিক মীর চরগঙ্গার বেশ কিছু লোকের কাছ থেকে তাঁদের জমি সাত বছরের চুক্তিতে নিয়ে চিংড়ির ঘের করেছেন। এক বছর আগে চুক্তির মেয়াদ ফুরিয়ে গেছে। তাঁর লেনদেন ভালো না হওয়ায় এলাকাবাসী তাঁকে আর জমি দিতে চাচ্ছে না। এ কারণে তিনি ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে ওই এলাকার জমির মালিকদের ওপর হামলা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। ‘আমি কোনো ঘেরের দখল নিতে যাইনি। সংঘর্ষের পরে আমি ঘটনাস্থলে পৌঁছেছি।’ওই ঘেরের জমির একজন মালিক চরগঙ্গার বাসিন্দা মো. শাহ আলম বলেন, ‘আমরা ২১ জন জমির মালিক রফিক মীরকে প্রথমবার সাত বছরের চুক্তিতে ঘের করার জন্য জমি দিয়েছি। পরে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। এ নিয়ে জমির মালিকদের মধ্যে কোনো আপত্তি নেই।’ শাহ আলমের এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন জমির মালিক আবুল কালাম, মো. রেজাউল, মো. রফিক।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। চরগঙ্গায় একটি চিংড়িঘেরকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’