চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে তাঁর লোকজন প্রশাসনের দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করে জব্দ করা মাছ ও জাল ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার তেলিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলা প্রশাসন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে প্রায় ১৫০ কেজি ইলিশ মাছসহ বেশ কিছু পরিমাণ জাল আটক করা হয়। শনিবার সকাল নয়টার দিকে অভিযান শেষে ফিরে তেলিরমোড় এলাকায় মেঘনা নদীতে নৌকা ভেড়ানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে তাঁর লোকজন জব্দ করা মাছ ও জাল লুট করে। এতে বাধা দিতে গেলে ইউএনও ও মৎস্য কর্মকর্তাকে তারা লাঞ্ছিত করে। এ সময় ঘটনার চিত্রধারণকালে তারা মৎস্য কর্মকর্তার মুঠোফোনটি ছিনিয়ে নেয়। পরে মেমোরি কার্ডটি রেখে তারা মুঠোফোনটি ফিরিয়ে দেয়।ইউএনও মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘাটে ভেড়ার সময় আওয়ামী লীগের নেতা হুমায়ুন আমাদের জব্দ করা জাল ও মাছ ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু আমরা এতে অপারগতা জানাই। এরপরই হুমায়ুনের ইশারায় তাঁর লোকজন আমাদের লাঞ্ছিত করে মাছ ও জাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, স্থানীয় জেলেরা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে জব্দ করা জাল ও মাছ ছিনিয়ে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।গতকাল বিকেলে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং জব্দ করা জাল ও মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ বাদী হয়ে আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটওয়ারীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ৩০ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। এজাহার অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।