আ.লীগ নেতার নেতৃত্বে তিনটি দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়ায় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে স্থানীয় এক পল্লি চিকিৎসকের তিনটি দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নোয়াকাঠি বাজারে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি বাজারের সরকারি জমিতে পল্লি চিকিৎসক মোহামঞ্চদ আলী খানের তিনটি দোকান আছে।
মোহাম্মদ আলী খান অভিযোগ করেন, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও সম্প্রতি নোয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সাহস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখ আবদুল কুদ্দুসের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে কুদ্দুসের নেতৃত্বে গতকাল ভোরে ২৫-৩০ জন লোক তাঁর তিনটি দোকান ভেঙে মালামাল লুট করে নিয়ে গেছে। এতে তাঁর আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে শেখ আবদুল কুদ্দুস জানান, ১০ মাস আগে ব্যবসায়ীদের সামনে মোহাম্মদ আলী বাজারের সরকারি জমি থেকে তাঁর ঘরগুলো ভেঙে নেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি তা না করায় ব্যবসায়ীরা তাঁর ঘর ভেঙে দিয়েছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা বলেন, বিরোধ মীমাংসার জন্য কয়েকবার চেষ্টা করেও সফল হননি।