আ.লীগ নেতার নেতৃত্বে দরপত্র জমাদানে বাধার অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রোববার পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে হাটবাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাঞ্ছিতসহ পাঁচজন আহত হন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, বাংলা ১৪১৯ সনের জন্য আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নের ১৮টি হাটবাজারের রাজস্ব আদায়ে ইজারাদার নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর বিশ্বাস ৫ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করেন। দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল রোববার। সাধারণ ঠিকাদারেরা জানান, সুষ্ঠু পরিবেশে দরপত্র জমা দিতে সকাল থেকেই উপজেলা পরিষদের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু পুলিশের সামনেই উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ হোসেন মোল্লা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের (দরপত্র জমা দেওয়ার স্থান) মূল ফটকের কলাপসিবল গেট তালাবদ্ধ করে তাঁর দলবল নিয়ে সেখানে অবস্থান নেন। দরপত্র জমা দিতে আসা ঠিকাদারসহ কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কেউ জরুরি কাজে ঢুকতে চাইলে ইউসুফ মোল্লার লোকজন তাঁর শরীর তল্লাশি করে ঢোকার অনুমতি দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীদের সাধারণ সম্পাদক মো. জসিম সরদার বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ে ঢুকতে গেলে তাঁকেও বাধা দেওয়া হয়। এ নিয়ে তাঁর সঙ্গে ইউসুফ মোল্লার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফ মোল্লার সমর্থক ছাত্রলীগ নেতা আরিফ তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন। এ ছাড়া ঠিকাদার মো. জামাল সরদার দরপত্র জমা দিতে গেলে তাঁকেও বাধা দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের কর্মী লিটু তালুকদার, মামুন ফরিয়া, রাকিব হোসেন ও হরষিত এগিয়ে এলে তাঁদের ওপর ইউসুফ মোল্লার লোকজন হামলা চালিয়ে দরপত্র ছিনিয়ে নেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ছাত্রলীগের কর্মী লিটু তালুকদার অভিযোগ করেন, পুলিশের ছত্রছায়ায় ইউসুফ মোল্লা তাঁর সমর্থকদের নিয়ে দরপত্র জমাদানে বাধা দেন। অভিযোগ অস্বীকার করে ইউসুফ মোল্লা বলেন, উপজেলা পরিষদের ফটকে পাহারা বসানো ও হামলা করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগের কোনোটাই সত্য নয়। তবে ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার বিষয়টি মীমাংসা করা হয়েছে। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) এসআই মো. জহিরুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতিতে হামলা ও দরপত্র জমাদানে বাধাদানের বিষয়টি সত্য নয়। তিনি তখন ইউএনও কার্যালয়ে ছিলেন। গণ্ডগোলের খবর পেয়ে বাইরে এসে দেখেন কেউ নেই। ইউএনও দীপংকর বিশ্বাস বলেন, সুষ্ঠুভাবে দরপত্র জমাদানে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। দরপত্র জমাদান বাধাগ্রস্ত করা হয়েছে কি না তা তাঁর জানা নেই। তবে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।