আ.লীগ নেতার নেতৃত্বে বিলের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুরের বিল দলকা জলমহালের ৩৩ একর জমি দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জলমহালের ইজারাদার মিজানুর রহমান এ ঘটনার জন্য নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী ও ইউপি সদস্য আবু তালেবসহ ১২ জনকে দায়ী করেছেন।
তবে জাফর আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকার ভূমিহীন কৃষকেরা বিলের চারপাশের জমিতে বংশপরম্পরায় চাষাবাদ করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারও কে কোন অংশে ধান আবাদ করবেন, তা নিজেরাই খুঁটি পুঁতে সীমানা ঠিক করে নিয়েছেন। ভূমিহীনদের সহযোগিতা করেছি মাত্র।’ তিনি অভিযোগ করেন, মিজানুর রহমান প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অনুসারী ২০ জনকে নিয়ে নামমাত্র সমিতি গঠন করে বিল ইজারা নিয়ে ফায়দা লুটছেন। ইজারার শর্ত ভঙ্গ করে তিনি প্রতি বিঘা জমি চার-পাঁচ হাজার টাকায় উপ-ইজারা (সাব-ইজারা) দিচ্ছেন।
মিজানুর রহমান জানান, জলমহালের ২৭৬ দশমিক ৪৮ একর জমির বেশির ভাগই শুকিয়ে গেছে। ইজারামূল্য তুলতে সমিতির সদস্যদের নামমাত্র মূল্যে উপ-ইজারা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর জেলা কালেক্টরেট লক্ষ্মীপুরের ভাই ভাই মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ছয় বছরের ( বাংলা সন ১৪১৯-১৪২৪ পর্যন্ত ) জন্য বিলটি ইজারা দেয়। সমিতির পক্ষে চুক্তিতে সই করেন এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
গত ২৭ নভেম্বর মিজানুর রহমান চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বিল দলকা জলমহালের ১০০ একর জমি বিরূপ আবহাওয়ার কারণে শুকিয়ে গেছে। দখলের উদ্দেশ্যে গত ২৬ নভেম্বর বিকেলে ভগীরথপুর গ্রামের জাফর আলী, আশাবুল হক, নজরুল ইসলাম ও তাঁর ভাই আনারুল হক, নাসেম আলী, মোজাম ও তাঁর ভাই সাজাহান, রবিউল হক, ইলিয়াস ও তাঁর ভাই মো. মন্টু এবং আশাদুল ও আবু তালেব ওই জমিতে ঢোকেন। এ সময় সমিতির লোকজন বাধা দিলে তাঁরা ফিরে যান। যাওয়ার সময় তাঁরা জমি দখল করে ধান চাষ এবং বিষ দিয়ে জলমহালের মাছ মেরে ফেলার হুমকি দেন। এ জন্য ওই জমিতে ১৪৪ ধারা জারি করা প্রয়োজন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা অভিযোগ আমলে নিয়ে ওই জমিতে ১৪৪ ধারা জারি করার এবং দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শান্তিশৃঙ্খলা রক্ষা করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
১৪৪ ধারা জারি থাকা অবস্থায় গত ২৪ ডিসেম্বর জাফর আলী ও তাঁর অনুসারীরা সেখানে ঢুকে খুঁটি পুঁতে জায়গা দখল করে নেন। এ ব্যাপারে ২৬ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন মিজানুর রহমান। এতে তিনি উল্লেখ করেন, ‘এ বছর অনাবৃষ্টির কারণে জলমহালটির দক্ষিণ-পশ্চিমাংশে দুই-তৃতীয়াংশ এলাকা শুকিয়ে গেছে। এর মধ্যে প্রায় ৩৩ একর ভগীরথপুরের উল্লিখিত ১২ জন জোরপূর্বক দখল করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।
জুরানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদুল ইসলামসহ কয়েকজন গ্রামবাসী জানান, অতীতে এই বিল দখলকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রাণহানি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রশাসন কঠোর উদ্যোগ না নিলে আবারও সহিংস ঘটনা ঘটার আশঙ্কা করছেন তাঁরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে যাঁরা জমি দখলে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া চুক্তির শর্ত ভঙ্গ করে কাউকে উপ-ইজারা দেওয়ার প্রমাণ মিললে ইজারাও বাতিল করা হবে।