আ.লীগ নেতার নেতৃত্বে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা চালিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দোকানে থাকা ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাত প্রায় নয়টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চিনকির আস্তানা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত তানিষা স্টোরের মালিক নূর উদ্দিন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় খিল মুরালী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ওরফে আকবরের নেতৃত্বে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এ সময় দোকানে থাকা নগদ ৩০ হাজার টাকাও হাতিয়ে নেয় হামলাকারীরা। এ ছাড়া দোকানে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। হামলার ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ অস্বীকার করে খিল মুরালী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ওরফে আকবর বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।