আ.লীগ নেতার নেতৃেত্ব সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান স্থানীয় একটি শ্মশানের জমি দখলে নিতে সেখানকার মন্দিরে অগ্নিসংযোগ এবং মূর্তি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
গ্রামবাসী জানান, সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের ওই শ্মশানটি আশপাশের চারটি গ্রামের হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন কয়েক যুগ ধরে ব্যবহার করে আসছেন৷ সেখানে ছয় মাস আগে একটি শিবমন্দির স্থাপন করা হয়৷ পূজা-অর্চনার পাশাপাশি প্রতি সন্ধ্যায় সেখানে কীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে৷ রোববার সন্ধ্যায় কীর্তনের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী মন্দিরটিতে হামলা চালায়৷ সন্ত্রাসীরা দয়াল চন্দ্র শীল, দিজেন চন্দ্র বর্মন এবং নরেন কর্মকারসহ কয়েকজনকে মারধর করলে তাঁরা পালিয়ে যান৷ পরে ওই মন্দিরসহ আশপাশের বেড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং মন্দিরের শিবমূর্তি ভাঙচুর করা হয়৷ গতকাল নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসানসহ নওগাঁ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহারাজপুর গ্রামের বসুদেব চন্দ্র বর্মন অভিযোগ করেন, কয়েক যুগ থেকে মহারাজপুর, কোচপাড়া, কুতুবপুর এবং মানপুর গ্রামের হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন জায়গাটি শ্মশান হিসেবে ব্যবহার করে আসছেন৷ শ্মশানের পুকুরসহ সম্পত্তি দখলে নিতে আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ওই হামলা চালান৷
বজলুর রহমানের মুঠোফোনের সংযোগটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি৷ তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ বিব্রতকর অবস্থার মধ্য রয়েছে৷ স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে৷ এর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই৷
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷