আ.লীগ নেতার পক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নির্মাণাধীন কারাগারে মাটি ভরাটের কাজে চাঁদাবাজি ও হামলার অভিযোগ নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলীর (রফিক) পক্ষে সংবাদ সম্মেলন করেছেনে সিলেট সদর উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি আবদুর রউফ।গতকাল রোববার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতা রউফ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। সিলেট শহর থেকে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করে শহরতলির বাদাঘাট এলাকায় স্থাপন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার প্রকল্পের একটি।চলতি অর্থবছরে এই প্রকল্পে আট কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ শুরু হয়। গত শুক্রবার গণপূর্তের প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজ শুরুর পর সন্ধ্যায় একদল লোক চাঁদার দাবিতে হামলা করে কাজ বন্ধ করে দেয়। হামলাকারীদের মারধরে মাটি ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি সংস্থা মোহম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের দুজন কর্মচারী আহত হন। ঠিকাদারের পক্ষ থেকে ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলীর ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সম্পর্কে গতকাল পার্শ্ববর্তী একটি বালুমহালের ইজারাদার ও সিলেট সদর উপজেলা বিএনপির (সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান অনুসারী) সভাপতি আবদুর রউফ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, ‘তাঁর বালুমহাল থেকে জোর করে ঠিকাদারপক্ষ বালু নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তিনি আওয়ামী লীগের নেতা সুজাতসহ অন্যদের জানালে তাঁরা ঘটনাস্থলে যান। ঠিকাদারপক্ষ উল্টো তাঁর লোকজনের ওপর হামলা করে মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছে।’ সংবাদ সম্মেলনে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতা সুজাত আলীর নেতৃত্বে হামলা এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়। ঘটনাস্থলে আওয়ামী লীগের নেতার উপস্থিতি সম্পর্কে লিখিত বক্তৃতায় বলা হয়, ‘সরেজমিন দেখার জন্য বাদাঘাটে আসতে অনুরোধ করলে পর্যায়ক্রমে তাঁরা বাদাঘাটে উপস্থিত হন। এলাকার একজন বিশিষ্ট ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে সুজাত আলীকে বিষয়টি অবহিত করি।’বিএনপির একজন নেতা হয়ে আওয়ামী লীগের নেতার পক্ষে সংবাদ সম্মেলন করার কারণ সম্পর্কে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘আমি রাজনীতি করলেও আসলে ব্যবসায়ী মানুষ। বাস্তবে তো আমরা সবাই একসঙ্গে ব্যবসাপাতি করি। ওনাকে (সুজাত আলী) উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দেখে আমি সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনার বর্ণনা দিলাম।’