আ.লীগ নেতার পা কেটে নিল দুর্বৃত্তরা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হালিম মোল্লার (৪৫) ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শিশুর হাট গ্রামে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুল হালিমের ছোট ভাই আলীম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘রাত আড়াইটার দিকে বাড়ির কয়েকজন নারী শৌচাগারে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ১২-১৪ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে হালিমকে বেঁধে ঘরের বাইরে নিয়ে যায়। এরপর তারা কুপিয়ে হালিমের ডান পা কেটে বস্তায় ভরে নিয়ে যায়।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এ ছাড়া কাঁঠালতলী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’