আ.লীগ নেতার পা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হালিম মোল্লাকে (৪৫) কুপিয়ে তাঁর একটি পা বিচ্ছিন্ন করে নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা৷
গত শনিবার গভীর রাতে উপজেলার শিশুরহাট গ্রামে আবদুল হালিমের নিজ বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে৷ মুমূর্ষু অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
আবদুল হালিমের ছোট ভাই আলীম মোল্লা জানান, ওই দিন রাত আড়াইটার দিকে তাঁদের বাড়ির কয়েকজন সদস্য প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে বের হন৷ এ সময় দরজা খোলা ছিল৷ এই সুযোগে ১২-১৪ জনের একদল মুখোশধারী ঘরে ঢুকে বড় ভাই হালিমকে বেঁধে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়৷ পরে কুড়াল দিয়ে কুপিয়ে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে৷ হাঁটুর নিচ থেকে পায়ের বিচ্ছিন্ন অংশটি বস্তায় ভরে নিয়ে চলে যায়৷ তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলেও তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়৷ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷
এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবরটি পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ কাঁঠালতলী পুলিশ ফাঁড়ি থেকেও পুলিশ তাদের সঙ্গে যোগ দেয়৷ কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি৷ তবে পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে তাদের ধারণা৷ দুষ্কৃতকারীদের আটক করা ও বিচ্ছিন্ন পা উদ্ধারের চেষ্টা চলানো হচ্ছে৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷