আ.লীগ নেতার পাখি শিকার দাঁড়িয়ে দেখলেন ওসি!
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের একজন নেতা পাখির অভয়াশ্রমে গুলি চালিয়ে পাখি শিকার করেছেন। অভিযোগ উঠেছে, এ সময় সেখানে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন। এ ব্যাপারে স্থানীয় সংগঠন বাংলাদেশ পরিবেশ ক্লাব (বিপিসি) গতকাল বুধবার বিকেলে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আটিগ্রামে আলফাজ হোসেনের বাড়ির আশপাশের বাগানে দেশি প্রজাতির বিভিন্ন পাখির অভয়াশ্রম রয়েছে। গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে যখন পাখিগুলো বাসায় ফিরছিল তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন বন্দুকের গুলি চালান। এ সময় মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান সেখানে উপস্থিত ছিলেন। গুলি লেগে সংকর প্রজাতির বেশ কিছু হাঁস মাটিতে পড়ে যায়। তাঁরা সেগুলো নিয়ে চলে যান। মঙ্গলবার সকালে বাগানের আশপাশে আরও সাতটি পাখি মৃত অবস্থায় পাওয়া যায়। আলফাজ হোসেন সাংবাদিকদের জানান, পাখির অভয়াশ্রমে গত বছর এক হাজারের বেশি নতুন বাচ্চা ফুটেছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। রাতে বাড়িতে আসার পর জানতে পারেন এক আওয়ামী লীগের নেতা ও থানার কয়েকজন লোক এসে পাখি শিকার করেছেন। এ ঘটনার পর দুই দিন ধরে অভয়াশ্রমে পাখিরা আগের মতো বাসায় বসছে না। অনেক পাখি আশ্রয় ছেড়ে চলে গেছে। অভিযোগের ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘পায়ের অসুখের জন্য এক কবিরাজ পাখির মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য পাখি শিকার করেছি।’ মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, ‘সরকারি কাজে ওই এলাকায় গিয়েছিলাম। কাজ শেষে ফেরার পথে নিজাম সাহেবের সঙ্গে দেখা হয়। তাঁর সঙ্গে কিছুক্ষণ গল্প করে চলে আসি। পরে শুনি নিজাম সাহেব পাখি শিকার করেছেন। আমার সামনে পাখি শিকারের কথা সত্য নয়।’ কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেল বলেন, পাখি শিকারের ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। স্থানীয় পরিবেশবিদ গৌতম কুমার রায় জানান, ১০ প্রজাতিরও বেশি দেশীয় কয়েক হাজার পাখি ওই অভয়াশ্রমে রয়েছে। এ ঘটনার পর পাখি সেখানে থাকবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রক্ষকই যদি ভক্ষক হয় তা হলে সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’