আ.লীগ নেতার পোড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীর (৬৮) পোড়া লাশ গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। তাঁর হাত-পা বাঁধা ছিল।

এ ঘটনায় গতকাল রাতে পুলিশ আসলাম সিকদার (৪৭) নামের একজনকে আটক করেছে।

আতিক উল্লাহর পরিবার জানায়, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে ইটভাটার কার্যালয়ে যাওয়ার কথা বলে আতিক উল্লাহ বাসা থেকে বের হন। ঢাকায় যাওয়ার কথা বলে দুপুর ১২টার দিকে তিনি ইটভাটার কার্যালয় থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। আতিকের ছোট ভাই নেওয়াজ চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে তাঁরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। কোথাও না পেয়ে বুধবার বিকেলে তাঁর ভাইয়ের ছেলে মো. ফারুক চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নওয়াজ জানান, সন্ধ্যা সাতটার দিকে তাঁরা লোকমুখে জানতে পারেন, দোলেশ্বর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি কাশবনে হাত বাঁধা অগ্নিদগ্ধ একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করেন। তাঁর ভাই মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁর ভাইকে অপহরণের পর হত্যা করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, কী কারণে, কে বা কারা আতিক উল্লাহকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আতিক উল্লাহর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাঁর বাড়ি কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর গ্রামে। তাঁর এটিএন ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা রয়েছে।