আ.লীগ নেতার প্রস্তাবকারী বিএনপি নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে আওয়ামী লীগের এক নেতার প্রস্তাবকারী হয়েছেন বিএনপির এক নেতা। এ ঘটনায় শুধু বিএনপি নয়, ক্ষমতাসীন দল ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নে ৪১ জন ভোটার নিয়ে জেলা পরিষদ নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ড গঠিত। এখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিংহসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দিলীপ কুমারের প্রস্তাবকারী হয়েছেন টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আশরাফ আলী। নির্বাচনী প্রতীক হিসেবে তালা মার্কা পেয়েছেন দিলীপ কুমার সিংহ।
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, ‘আশরাফ বিএনপির পদে থেকে আওয়ামী লীগের সদস্য প্রার্থীর প্রস্তাবকারী হওয়ায় আমরা সবাই হতবাক ও ক্ষুব্ধ।’ তবে আশরাফ বলেন, ‘আমি তো আওয়ামী লীগে যোগ দিইনি। জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী দিলীপের প্রস্তাবকারী হয়েছি মাত্র।’
তবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে থেকে বিএনপি নেতাকে সমর্থনকারী হিসেবে বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘আশরাফ আজ না হয় বিএনপি করছেন, ভবিষ্যতে তো তিনি আওয়ামী লীগে যোগ দিতেও পারেন।’