আ.লীগ নেতার বাসার পাশ থেকে পাঁচটি বোমা উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের বাসার পাশ থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ উপজেলা সদর নওয়াপাড়া বাজারের তাফাল পট্টিতে অবস্থিত মহিউদ্দিনের বাড়ির পাশের গলি থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরা বোমাগুলো উদ্ধার করে।
পুলিশ ও এলাকার কয়েকজন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে একজন পথচারী মহিউদ্দিনের বাসায় ঢোকার গলিতে একটি প্লাস্টিকের ব্যাগে বোমাগুলো দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ও চিকন তার জড়ানো ছিল।
মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘গত ২৭ জুন বাসায় ঢুকে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর থেকে আমি আতঙ্কে ছিলাম। আমার ওপর পুনরায় হামলা করার জন্য বোমাগুলো ওখানে রাখা হতে পারে।’ অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।