কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক স্কুলছাত্রীকে জোর করে তুলে নেওয়ার জের ধরে গত সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী জয়সিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের বাড়িঘর ভাঙচুর করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত রোববার জয়সিদ্ধি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী ছুটির পর বাড়ি ফিরছিল। আবদুল হাইয়ের বাড়ির তত্ত্বাবধায়ক সাফাই উদ্দিন (৩২) ছাত্রীটিকে জোর করে ওই নেতার বাড়িতে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়। এ নিয়ে স্থানীয় লোকজন ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটি ওই দিন সন্ধ্যার পর জরুরি বৈঠক করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রীরা। একপর্যায়ে উত্তেজিত ছাত্রছাত্রী ও এলাকাবাসী ওই নেতার বাড়িসহ বেশ কয়েকটি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের ঠাকুর জানান, আবদুল হাইয়ের বাড়ির তত্ত্বাবধায়ক এর আগে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহিদকে লাঞ্ছিত করেছিলেন। মূলত ওই নেতার ইন্ধনেই তাঁর তত্ত্বাবধায়ক এলাকায় এসব অপকর্ম করে থাকেন।এ ব্যাপারে আবদুল হাই বলেন, ‘ছাত্রছাত্রীরা নয়, আমার বাড়িতে হামলা করেছে বিএনপির লোকজন।’ তাঁর দাবি, ওই মেয়ের ঘটনায় তিনি জড়িত না থাকলেও তাঁর বাড়িঘরে হামলা চালানো হয়েছে। ইটনা থানার ওসি আবদুস সালাম মুঠোফোনে বলেন, ‘তৃতীয় পক্ষের উসকানিতে হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।