আ.লীগ নেতার বাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর হাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বাড়ির কাচারিঘরে আগুন দিয়েছেন ১৮-দলীয় জোটের কর্মীরা।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
এর আগে সন্ধ্যায় হাজারীরহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও ১৮-দলীয় জোটের কর্মীদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারে ও আশপাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় হাজারীর হাটবাজারে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার প্রদক্ষিণের পর সমাবেশ করে শেষ হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মীরাও বাজারে মিছিল করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
একপর্যায়ে ১৮ দলের কর্মীরা বাজার থেকে সরে যান। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১৮ দলের কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মেম্বারের বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ির সামনের কাচারিঘরে অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভায়। আগুনে ঘরটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের। এ ছাড়া সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের করালিয়া এলাকায় একটি টেম্পোতে অগ্নিসংযোগ ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। জানতে চাইলে অটোরিকশা ভাঙচুর ও টেম্পোতে অগ্নিসংযোগের কথা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান।