আ.লীগ নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাজুল ইসলামের বাসায় হামলা চালিয়েছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি দিল নেওয়াজ খান অভিযোগ করেন, ২০ প্রার্থীর কাছ থেকে গড়ে তিন লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়। স্থানীয় সাংসদ এ এ মারুফ সাকলান ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নামে ওই ঘুষ আদায় করেন পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাজুল ইসলাম ও ইউএনওর কার্যালয়ের অফিস সুপার (ওএস) এম আমিরুজ্জামান। তিনি বলেন, বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই পদে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়োগের সুপারিশ করা হলেও উৎকোচের বিনিময়ে অন্য এক ব্যক্তিকে ১৬ এপ্রিল নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই নিয়োগ বন্ধের দাবি জানাতে গতকাল সকাল থেকেই ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা আমিরুজ্জামানের মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে উত্তেজিত শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে শহরের বাঁশবাড়ী মহল্লায় এজাজুল ইসলামের বাসভবনে হামলা চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ঢাকায় অবস্থানরত ইউএনও শফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই সব পদে নিয়োগের দায়িত্বে আছেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার একজন প্রতিনিধি। কাজেই ওই নিয়োগ নিয়ে উৎকোচ-বাণিজ্যের অভিযোগ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। এজাজুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সভাপতি এক প্রার্থীর কাছে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে তাঁকে নিয়োগ দিতে সাংসদকে চাপ দিয়ে আসছিলেন। অথচ ওই প্রার্থী সাক্ষাৎকারে অকৃতকার্য হওয়ায় তাঁকে নিয়োগ দেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য ছাত্রলীগের সদস্যরা তাঁর বাসভবনে হামলা চালিয়েছেন।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ছাত্রলীগের ওই হামলার কথা স্বীকার করে জানান, পুলিশ পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। সাংসদ দেশের বাইরে অবস্থান করায় তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।