আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর লুটপাট, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাপাসাটিয়া গ্রামে গত মঙ্গলবার আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল বুধবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার কাপাসাটিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাপাসাটিয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সারোয়ার রানার বাড়িতে হামলা চালায় দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা। তারা দুটি ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে মালামাল লুটে করে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী আনুহা গ্রামের মো. খলিলসহ অনেকে জানান, একই গ্রামের আবদুল মন্নানের সঙ্গে সারোয়ারের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মন্নানের ছেলে আবদুল জলিল ও উজ্জ্বল মিয়া ও ভাতিজা সাইফুল ইসলামের নেতৃত্বে একটি ট্রাক, ২০টি অটোরিকশা ও ৮-১০টি মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক বহিরাগত সন্ত্রাসী দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সারোয়ারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সারোয়ার জানান, প্রতিপক্ষরা জমি নিয়ে আদালতে মামলা করে হেরে গেছে। এর পর থেকেই তারা জমি জবরদখলের চেষ্টা করে আসছে। মুঠোফোনে আবদুল মন্নান বলেন, ‘আমরা হামলার সঙ্গে জড়িত নই।’