আ.লীগ নেতার বাড়িতে ভেজাল জুসের কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে নকল জুস, তেল ও সুজি তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও উপজেলা প্রশাসন গতকাল বুধবার অভিযান চালিয়ে এ নকল কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মো. মারুফ হাসান জানান, দুপুরে গোয়ালকান্দির আবদুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়িতে নকল সুজি, সয়াবিন তেল ও জুস তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। তাঁর বাড়ি থেকে ১০ কার্টন সয়াবিন তেল, সুজি, সাত বোতল বিভিন্ন রকমের রঙ, বিভিন্ন প্রকারের রাসায়নিক, ঘন ও পাতলা চিনি জব্দ করা হয়। আবদুর রাজ্জাক গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়িতে দীর্ঘদিন ধরে মোল্লা ফুড প্রোডাক্ট নামে ভেজালসামগ্রী মিশিয়ে নকল সয়াবিন তেল, জুস ও সুজি তৈরি করে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযানকারীরা জানান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। আবদুর রাজ্জাক জানান, তিনি বৈধভাবে ব্যবসা করছেন। সয়াবিন তেল তৈরি ও বাজারজাতের অনুমোদন তাঁর রয়েছে। তবে অন্যগুলোর অনুমোদন নেই বলে তিনি জানান। ভেজাল সয়াবিন তেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার প্রসঙ্গে বলেন, এসব মালামাল খারাপ হয়ে যাওয়ায় তা বাড়িতে রাখা ছিল।