আ.লীগ নেতার বাড়িতে ভেজাল তেলের কারখানা
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের একজন নেতার বাড়িতে ভেজাল সয়াবিন তেলের কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বিএসটিআইয়ের কাগজপত্র ও সিল জাল করে দীর্ঘদিন ধরে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের নিজ বাড়িতে ভেজাল সয়াবিন তেলের ব্যবসা চালিয়ে আসছিলেন আবদুর রাজ্জাক। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।গতকাল শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আবদুর রাজ্জাকের গোয়ালকান্দি ইউনিয়নের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত আবদুর রাজ্জাকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া তাঁর বাড়ি থেকে জব্দ করা ৩৬৪ লিটার ভেজাল সয়াবিন তেল, ৫০০টি খালি বোতল ও ২০০টি লেবেল ধ্বংস করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর বাগমারা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফিজুর রহমান বলেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল সায়াবিন তেল বোতলজাত করে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করেছেন। বিএসটিআইয়ের কাগজপত্র ও সিল জাল করে তিনি এ ব্যবসা চালিয়ে আসছিলেন।আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক অভিযানের খবর স্বীকার করেছেন। তবে তেলে ভেজাল রয়েছে কি না, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।