আ.লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ১১
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছলিমপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দীনের বাড়িসহ তিনটি বাড়িতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় নারীসহ ১১ জন গুলিবিদ্ধ হন। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি-জামায়াত-শিবিরের সশস্ত্র নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধরা হলেন: মো. ইছহাক, মোক্তার হোসেন, ফরিদা বেগম, ইকবাল হোসেন, মিনহাজ উদ্দীন, মো. আরমান, মো. তুষাত, মো. শওকত, রোজি আক্তার, মো. তামিম ও শামছুন নাহার। এর মধ্যে চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার শিকার কয়েকজন অভিযোগ করেন, রাত তিনটার দিকে গোলাম মহিউদ্দীনের বাড়িতে হামলা চালান বিএনপি-জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা মহিউদ্দীনের ঘরসহ তিনটি ঘর ভাঙচুর করেন এবং একটি দোকানে লুটপাট চালান। তাঁদের ছোড়া ছররা গুলিতে ১১ জন গুলিবিদ্ধ হন। এ সময় গোলাম মহিউদ্দীন নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘যতটুকু জেনেছি, জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম নয়জন গুলিবিদ্ধ হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বিষয়টি জানতে বেশ কয়েকবার ছলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রোকন উদ্দীন এবং ওই ইউনিয়নের জামায়াতের আমির আনোয়ার সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
ছলিমপুর ইউনিয়ন শিবিরের সভাপতি মো. শওকত হামলার বিষয়টি স্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। গত রাতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে বিএনপির কর্মীরা আমাদের কর্মীদের সঙ্গে একত্র হয়ে হামলা করতে পারে।’
২১ নভেম্বর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউপির চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজির বাড়িতে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা।