ব্যাংকে ৫০ লাখ টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত মাসে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রী মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।
আওয়ামী লীগের ওই নেতার নাম সাজ্জাদুর রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। মামলার বাদী রীনা আক্তার উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। তাঁরা দুজন ব্যবসায়িক অংশীদার বলে আরজিতে উল্লেখ করা হয়।
আরজি ও রীনার পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমান ও রীনা আক্তার জমি কেনাবেচার ব্যবসা করতেন। বিভিন্ন সময় জমি কেনার কথা বলে রীনার কাছ থেকে সাজ্জাদুর ৫০ লাখ টাকা নেন। এরপর সেই টাকা চাইলে তিনি (সাজ্জাদুর) নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। গত বছরের ২৭ ডিসেম্বর রীনাকে ডাচ্-বাংলা ব্যাংকের একটি চেক দেন সাজ্জাদুর। এরপর রীনা চেকটি সোনালী ব্যাংকের উপজেলার দরগ্রাম শাখায় জমা দেন।
গত ৮ জানুয়ারি সোনালী ব্যাংক দরগ্রাম শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান নগদায়নের জন্য ওই চেক ডাচ্-বাংলা ব্যাংকে পাঠান। কিন্তু ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাবে টাকা নেই বলে সোনালী ব্যাংকের ওই ব্যবস্থাপককে অবহিত করেন। পরে সোনালী ব্যাংকের দরগ্রাম শাখার ব্যবস্থাপক প্রত্যাখ্যাত হিসেবে চেকটিকে রীনার কাছে ফেরত দেন। এরপর ১৬ জানুয়ারি তিনি চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সাজ্জাদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
রীনা আক্তার বলেন, ব্যাংক থেকে ঋণ এবং স্বজনদের কাছ থেকে দেনা করে কয়েক কিস্তিতে টাকা তুলে জমি কেনার জন্য সাজ্জাদুরকে ৫০ লাখ টাকা দেন তিনি। ওই টাকা ফেরত পেতে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হন।
সোনালী ব্যাংকের দরগ্রাম শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ৫০ লাখ টাকা নগদায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের জেলা শাখায় চেকটি পাঠানো হয়। কিন্তু হিসাবে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান করা হয়।
এ বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় সাজ্জাদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন প্রথম আলোকে বলেন, টাকা লেনদেনের বিষয় নিয়ে রীনা আক্তার তাঁর কাছে গিয়েছিলেন। পাওনা টাকা ফেরত দিতে তিনি সাজ্জাদুরকে বলেছিলেন। টাকা ফেরত দিতে আবারও তাঁকে (সাজ্জাদুর) বলা হবে।