আ.লীগ নেতার বিরুদ্ধে আদালতের সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) একটি প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি প্রকল্পের সভাপতি আওয়ামী লীগ নেতা আলমগীর কবিরসহ পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অভিযোগের সত্যতা মেলায় আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে কাবিখার বিশেষ বরাদ্দের (প্রথম পর্যায়ে) আওতায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ মাটি দিয়ে ভরাট প্রকল্পের কাজে ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। ৩০ এপ্রিল কাজ শেষ করার কথা ছিল। এ প্রকল্প কমিটির সভাপতি সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর। কাজ শেষ না করেই বরাদ্দ দেওয়া চাল আত্মসাতের অভিযোগে প্রকল্প কমিটির বিরুদ্ধে ২৭ মে উপজেলার রাজাপুর গ্রামের আবদুর রাজ্জাক ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেনকে তদন্তের নির্দেশ দেন। তিনি ১৯ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলায় আদালতের হাকিম ওই দিনই মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। ফরহাদ হোসেন জানান, ওই বিদ্যালয়ের মাঠে যে পরিমাণ মাটি ফেলার কথা ছিল, সেই পরিমাণ ফেলা হয়নি। মাঠের কিছু স্থানে মাটি ফেলা হয়েছে। প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী বলেন, ‘আমি এ কমিটিতে নামে মাত্র রয়েছি। আলমগীর কবীর ওই প্রকল্পে মাত্র ৩০-৩৫ হাজার টাকার কাজ করে ২০ টন চাল তুলে তা আত্মসাৎ করেছেন। এ অনিয়মে জড়িত না থাকলেও কমিটিতে নাম থাকায় আমাকেও আসামি করা হয়েছে।’

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রকল্প কমিটির সদস্য নূর কামাল জানান, কমিটির সভাপতি আলমগীর কবীর বরাদ্দ করা চাল তুলে কী কাজ করেছেন, সে বিষয় তাঁর জানা নেই।

আওয়ামী লীগের নেতা আলমগীর কবীর চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করলেও একটি কুচক্রীমহল আমাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে।’ পিআইও জিল্লুর রহমান জানান, ওই প্রকল্পের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।