আ.লীগ নেতার বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ত্রিপুরা আদিবাসীদের বাগান কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার আদিবাসীরা দখল হওয়া জায়গা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে।এদিকে গত বুধবার আদিবাসীরা জায়গা ফেরত ও বাগানের ক্ষতিপূরণ এবং নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নাজিরাম ত্রিপুরাপাড়া এলাকায় বিশাল কলাবাগানসহ ফলদ-বনজ বাগান কেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আধাপোড়া অসংখ্য কচি কলাছড়া, কলার থোড়, কলাগাছ, সেগুনের কাটা অংশ, কাঁঠালগাছসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ দেখা গেছে। ত্রিপুরা নারী-পুরুষ বৃহস্পতিবার সেখানে মানববন্ধন করে বলেছে, তাদের জমিগুলো দখল হয়ে যাওয়ায় তারা এখন নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়ছে। এ জন্য জীবনের বিনিময়ে হলেও ভূমি রক্ষা ছাড়া আর কোনো উপায় নেই।পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) নাজিরাম ত্রিপুরা বলেছেন, প্রভাত ত্রিপুরা, অঞ্জরায় ত্রিপুরাসহ কয়েকটি পরিবার ওই জায়গায় ২০ বছর ধরে বাগান করে আসছেন। উপজেলার আজিজ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রহমান গত বছর থেকে ওই জমি তাঁর বলে দাবি করছেন। গত বছর অঞ্জরায় ত্রিপুরার ১০ একর জমি তিনি ৫০-৬০ জন লোক নিয়ে এসে দখল করে নেন। এ ছাড়া ২১-২৩ এপ্রিল প্রভাত ত্রিপুরার ১৫ একরের কলাবাগান, সেগুন, আম, কাঁঠাল, পেয়ারা ও কমলাগাছ তিনি ৪৫-৫০ জন লোক নিয়ে কেটে ফেলেন। এরপর বাগানে আগুন ধরিয়ে দেন।প্রভাত ত্রিপুরা জানান, ১৯৯২ সাল থেকে তিনি ১৫ একরের ওই জমিতে বাগান করে আসছেন। সেলিম রহমানের লোকজন তিন দিনেই তাঁর সেই ২০ বছরের সাজানো বাগান পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। তিনি বাগানে দুই হাজার কলা, তিন হাজার সেগুনগাছ লাগিয়েছেন। বাগানের কলাছড়া ও গাছগুলো কেটে সেলিমের লোকজন ট্রাকে বোঝাই করে নিয়ে গেছে।অঞ্জরায় বলেছেন, তাঁর ১০ একর জমি গত বছর দখল করে নেওয়ার পর তিনি সেখানে আর ঢুকতেও পারেননি। কোনো কিছু বললে সেলিম মামলা-হামলা ও জেলের ভয় দেখান। নুরুল ইসলাম বলেছেন, তাঁর জমিও অর্ধেকাংশ সেলিম দখল করে নিয়েছেন। আজিজ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, রাংসুংগা পাড়ার কার্বারি ছায়াচন্দ্র ত্রিপুরা, নুরুল ইসলামসহ এলাকার অনেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সেলিম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কারও জমি দখল করেননি, বরং তাঁর সেখানে ৩০ একর জমি রয়েছে।জেলা প্রশাসক তারিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতার জমি দখলের বিষয়টি পুলিশ সুপারকে তদন্তের জন্য বলা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।