আ.লীগ নেতার বিরুদ্ধে ঐতিহাসিক বৌদ্ধবিহার দখলের অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০০ বছরের একটি বৌদ্ধবিহার অবৈধভাবে দখলের চেষ্টা চলছে। বিহারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। ভিক্ষু ও উপাসকদের মারধরের পর লুট করে নেওয়া হয়েছে অধিকাংশ মূর্তি।ঐতিহাসিক এই বিহার জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দখলের বিষয়টি একাধিক তদন্তে প্রমাণিত হলেও এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ এলাকার আলীখালী রোডে এই বৌদ্ধবিহার অবস্থিত। সেন প্রু ক্যাং নামের এই বিহার প্রায় ১১ একর জমির ওপর স্থাপিত। এখানে ছোট-বড় ২০টি মূর্তি ছিল।বিহার রক্ষণাবেক্ষণ কমিটির অভিযোগ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মো. আলীর নেতৃত্বে একটি চক্র ২০১০ সালের শুরু থেকে অবৈধভাবে বিহারের জমি দখলের পাঁয়তারা শুরু করে। চক্রটি বিহার এলাকায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। তারা এরই মধ্যে বিহারের ১৮টি মূর্তি চুরি করেছে। এ ছাড়া কাঠের তৈরি বিহারের বিভিন্ন উপকরণ ভেঙে ফেলেছে। ভিক্ষু ও উপাসকদের মারধর করে দখল করা হচ্ছে বিহার এলাকার জমিও।এলাকাবাসী অভিযোগ করেন, সাবেক সাংসদ মো. আলী ছাড়াও তাঁর ছেলে রাশেদ মোহাম্মদ আলী ও মিয়ানমারের নাগরিক উকুশালা এই জমি দখলের সঙ্গে যুক্ত।এ ব্যাপারে বিহার কমিটির সাধারণ সম্পাদক ক্য জ অং টেকনাফ থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তা ছাড়া বিষয়টি ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) ছত্রধর ত্রিপুরাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি গত বছরের ২৫ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। এতে বিহারের জমি অবৈধভাবে দখলের বিষয়টি উল্লেখ করা হয়।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ছত্রধর ত্রিপুরা গত বুধবার প্রথম আলোকে বলেন, এই বিহার রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয় কিছু ব্যক্তি এর মূর্তি ও স্থাপনা চুরি করেছে। তবে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে কিছু মালামাল উদ্ধারও করেছে।এদিকে জেলা প্রশাসকও এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। ইউএনও গত বছরের ৩ মে তদন্ত প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ নায়িরুজ্জামান ৪ জানুয়ারি ১ নম্বর খাস খতিয়ানে বিহারের জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) টেকনাফকে নির্দেশ দেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ অস্বীকার করে মো. আলী দাবি করেন, বিহারের চতুর্দিকে তৎকালীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ (ভান্তে) নোটারি পাবলিকের মাধ্যমে তাঁকে ১০০ বছরের জন্য জমি লিজ দেন। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি তাঁর একটি খামারবাড়িও রয়েছে। তিনি দাবি করেন, রাতের আঁধারে কেউ বিহার এলাকা থেকে কিছু চুরি করে তাঁর বাড়ির ওপর দিয়ে পালিয়ে গেলে বিহারের লোকজন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসন থেকে একটি চিঠি পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হ্নীলা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ইউএনও’র তদন্তে বিহারের জমি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে। সরকারি এই জমি উদ্ধারে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউএনও আ ন ম নাজিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।