আ.লীগ নেতার বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজন এক ব্যবসায়ীর ঘর দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সমুদ্রসৈকত কুয়াকাটা শহরের পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ী মো. আমিনুর রহমান বাদী হয়ে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল বারেক মোল্লাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী শহরের ব্যবসায়ী মো. আমিনুর রহমান কুয়াকাটায় ব্যবসা করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়া নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে এক বছরের জন্য ৪০ বর্গফুট জমি ইজারা নেন। পরে তিনি পাউবোর পরিদর্শন বাংলোর কাছের ওই জমিতে একটি ঘর তোলেন। ঘর তোলার সময় আওয়ামী লীগের নেতা বারেক মোল্লাসহ কয়েকজন তাঁর কাছে দু্ই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় সোমবার দুপুরে বারেক মোল্লার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাঁর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে তা দখল করে নেয়।আওয়ামী লীগের নেতা বারেক মোল্লা ঘর দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, গতকাল সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা শহরে ছিলেন।ব্যবসায়ী মো. আমিনুর রহমান অভিযোগ করেন, তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন। কিন্তু তাঁরা কোনো সহায়তা দেয়নি। তিনি আরও জানান, পুলিশ সহায়তা না করায় তিনি পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন। ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।কলাপাড়া নৌ-ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, তাঁকে বিষয়টি ওই ব্যবসায়ী লিখিতভাবে জানাননি। এ কারণে তিনি ব্যবস্থা নিতে পারেননি।