আ.লীগ নেতার বিরুদ্ধে ঘাট দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজের বিরুদ্ধে নলছিটি-ষাইটপাকিয়া খেয়াঘাট দখলের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে ওই নেতা তাঁর লোকজন নিয়ে ট্রলার চলাচল বন্ধ করে দেন ও ইজারাদারকে তাড়িয়ে টোল আদায় শুরু করেন। খেয়াঘাটের ইজারাদার মনোজ কুমার অভিযোগ করেন, তিন লাখ ছয় হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি এ বছরের জন্য পৌরসভা থেকে খেয়াঘাটটির ইজারা পান। মঙ্গলবার সকালে তাঁর ব্যবস্থাপক মো. সাঈদ খেয়াঘাটে টোল আদায় করতে গেলে গোলাম মোস্তফা তাঁর দলবল নিয়ে বাধা দেন ও তাঁর লোকজন টোল আদায় শুরু করে। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে ট্রলার চলাচল বন্ধ করে দেন গোলাম মোস্তফা। বিষয়টি ইজারাদারের লোকজন পৌরসভার মেয়র মো. মজিবুর রহমানকে জানালে তিনি টোল আদায়ের জন্য কর্মচারী নিয়োগ করেন। বুধবার পুনরায় ইজারাদারের সহকারী পরাগ গাজী ও ব্যবস্থাপক মো. সাঈদ টোল আদায় করতে গেলে গোলাম মোস্তফা ও তাঁর সঙ্গীরা এসে টোল আদায় ও ট্রলার চলাচল বন্ধ করে দেয়। ইজারাদারের সহকারী পরাগ গাজী অভিযোগ করেন, জোর করে খেয়ার ইজারা না পেয়ে দুই দিন ধরে গোলাম মোস্তফা ও তাঁর সঙ্গীরা খেয়ার ট্রলার চলাচল বন্ধ করে দেয়। এতে দুই দিনে তাঁদের প্রায় পাঁচ হাজার টাকার টোল আদায় হয়নি। নলছিটি পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, ইজারার দরপত্রে অংশ না নিয়ে আওয়ামী লীগের এক নেতা ইজারাদার নিযুক্ত হতে চেয়েছিলেন। ব্যর্থ হয়ে ওই নেতা টোল আদায় করতে বাধার সৃষ্টি করছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। র‌্যাব ও পুলিশ এসে খেয়া চলাচল স্বাভাবিক করেছে। বর্তমানে পৌরসভার কর্মচারীরা টোল আদায় করছেন। জোরপূর্বক টোল আদায়ের কথা অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, নলছিটি পৌরসভার মেয়র মন্ত্রণালয়ের পরিপত্র অমান্য করে ইজারাদার নিয়োগ করেছেন। পরিপত্র অনুযায়ী প্রকৃত মাঝিদের বাজারমূল্যে ঘাট ইজারা দেওয়ার নিয়ম। নৈতিক কারণে মাঝিরা যাতে ইজারা পায়, তাই তাদের পক্ষ নিয়েছেন। ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, টোল আদায় ও ইজারার বিষয়টি সম্পূর্ণ পৌর কর্তৃপক্ষের ব্যাপার। প্রয়োজনে জনগণের নিরাপত্তার জন্য ও ওই পথে যাতায়াতকারীদের সুবিধার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।