আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেনের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। কবাখালী বাজার এলাকা দিয়ে পণ্য নেওয়ার সময় ইউপির নামে ছাপানো রসিদ দিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, গত বছরের জুলাই থেকে জামাল হোসেনের নেতৃত্বে এভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত বছরের ২ আগস্ট ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেন। চেয়ারম্যান নোটিশের জবাবে ইউপির পক্ষ থেকে টোল আদায়ের বিষয়টি অস্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জোত পারমিটের (বন থেকে কাঠ পরিবহনের অনুমতিপত্র) ট্রাকপ্রতি দেড় হাজার টাকা, কলাবোঝাই ট্রাক ও জিপ থেকে ৩০০-৫০০ টাকা, আদা-হলুদের বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। আদিবাসীদের নিজস্ব বাগানে উৎপাদিত পণ্যও হাট-বাজারের নেওয়ার সময় কবাখালী বাজারে চাঁদাবাজদের টাকা না দিলে হয়রানি করা হয় বলে আদিবাসীরা অভিযোগ করেছেন। বাঘাইহাট এলাকার জীবন চাকমা, দুই টিলার শশাঙ্কু চাকমা, সমর জ্যোতি ও জ্যোতিষ মেম্বার নামে কয়েকজন আদিবাসী অভিযোগ করেন, তাঁদের নিজস্ব বাগানের উৎপাদিত পণ্য বাজারে নেওয়ার সময় কবাখালী বাজারে চাঁদার দাবিতে হয়রানি করা হয়। গাড়িপ্রতি ২৫০-৩০০ টাকা এবং আদা-হলুদের বস্তা থেকে ২০-৩০ টাকা আদায় করা হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য নেজাম উদ্দিন বলেন, ‘গত ১৪ আগস্ট ইউপির নামে আমার জোত পারমিটের কাঠের পাঁচটি গাড়ি থেকে সাড়ে আট হাজার টাকা আদায় করেন জামাল হোসেন।’উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নওশাদ হোসেন বলেন, ‘সাধারণ মানুষ তো আছেই, আমরা নিজেরাই চাঁদাবাজির শিকার। কবাখালী বাজারের সামনে দিয়ে নেওয়ার সময় সব পণ্য থেকেই ইউপির নামে জামাল হোসেন টাকা আদায় করছেন।’কবাখালী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আবদুর রহমান বলেন, ‘কবাখালীতে চাঁদাবাজির শেষ নেই। আমার স্কুলের নামেও চাঁদাবাজি হয়। সবকিছুই চলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে।’নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, অবৈধভাবে টাকা আদায় নিয়ে দলের মধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জামাল হোসেনের বিরুদ্ধে অনেক সালিস হয়েছে।কবাখালী ইউপির চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা ইউপির নামে টোল আদায়ের ইজারা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি ইউপির নামে এভাবে টাকা আদায় না করার জন্য কয়েকজনকে অনুরোধ করেছি। কিন্তু তাঁরা সরকারি দলের নেতা-কর্মী হওয়ায় আমার কথা শুনছেন না।’অভিযোগ প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ‘আমরা দিনে কোনো টাকা আদায় করি না। রাতে অবৈধ গাড়ি থেকে টাকা আদায় করি।’ আদিবাসীদের বিভিন্ন পণ্যসামগ্রী থেকে টাকা আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, টাকা আদায়ের কোনো রসিদ তারা দেখাতে পারবে না।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘কবাখালীতে ইউনিয়ন পরিষদের নামে টাকা আদায় করা হয় বলে জানি। কিন্তু সেটা বৈধ, না অবৈধ সেটা জানি না। তবে জামাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যায়। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম জানান, নোটিশের জবাবে টাকা আদায়ের বিষয়টি ইউপি চেয়ারম্যান অস্বীকার করেছেন। এখন যদি আবার ইউপির নামে টাকা আদায় করা হয়, তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।