আ.লীগ নেতার বিরুদ্ধে চারা গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি থেকে অর্ধশতাধিক মেহগনি গাছের চারা জোরপূর্বক কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম মোল্লা অভিযোগ করেন, কালুপাড়া মৌজায় জমি নিয়ে ইউসুফ হোসেন মোল্লার সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর সহোদর জামাল মোল্লা বরিশাল সহকারী জজ আদালতে জমির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিচারক গত ৫ মে দুই মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন। যার মেয়াদ শেষ হওয়ার পর গত ১২ জুলাই আগামী ছয় মাসের জন্য ওই জমির ওপর ফের স্থিতাবস্থা জারি করেন আদালত। মঙ্গলবার ও গতকাল বুধবার ইউসুফ হোসেন মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন লোক ওই জমি থেকে অর্ধশতাধিক মেহগনি গাছের চারা কেটে নিয়ে গেছেন। জসিম মোল্লা ও তাঁর সহদরেরা এতে বাধা দিলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তাঁরা অভিযোগ করেন।আগৈলঝাড়া থানার ওসি বলেন, ‘আমি ইউসুফ হোসেন মোল্লাকে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে গাছ কাটতে নিষেধ করেছি।’ আদালতের নিষেধাজ্ঞা আমান্য করার কথা অস্বীকার করেছেন ইউসুফ হোসেন মোল্লা। তিনি বলেন, ‘আমাদের সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরে আমরা গাছ কাটা শুরু করি। পুনরায় প্রতিপক্ষ গত ১২ জুলাই আদালত থেকে নিষেধাজ্ঞার আদেশ এনেছে বলে শুনেছি।’