আ.লীগ নেতার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা এ অভিযোগ তুলেছেন। ওই অনিয়মের প্রতিবাদে অভিযোগকারীদের ডাকা সভা আয়োজনের সময় হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী চিনিকল মাঠে ওই প্রতিবাদ সভা ডাকা হয়।হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন অভিযোগ করেন, স্থানীয় সাংসদ মেরাজ মোল্লার কোটায় টিআর প্রকল্পের ১০ টন চাল বরাদ্দ পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন হাজি। তিনি পাঁচ টন চাল পবা উপজেলার বাইরে পুঠিয়া উপজেলার একটি মসজিদে দেন। আর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নাদের মাস্টারকে দেন তিন টন চাল। দলের নেতা হিসেবে তাঁরা চালের হিসাব চাইতে গেলে সাংসদের কাছে গিয়ে হিসাব নিতে বলেন ইয়াসিন হাজি। এর পরিপ্রেক্ষিতে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন তাঁদের প্রতিবাদ সভা ডাকতে বলেন। তাঁরা বিকেলে সভার প্রস্তুতি নেওয়ার সময় চেয়ারম্যান মনির এসে বলেন, সভা করার দরকার নেই। বিষয়টি মীমাংসা করে নেওয়া হবে। ওই সময় ইয়াসিন হাজি বহিরাগত লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করে। হামলায় তিনি নিজে এবং চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, আওয়ামী লীগের কর্মী তারিক, সাদেক, মোসলেমসহ কমপক্ষে ২০ জন আহত হন।আল আমিন অভিযোগ করেন, ‘চেয়ারম্যান ডেকে নিয়ে এসে আমাদের মার খাওয়ালেন। এখন পুলিশ এসে উল্টো আমাদেরই খুঁজে বেড়াচ্ছে।’ প্রতিবাদ সভা ডাকার নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির উদ্দিন।চাল আত্মসাতের অভিযোগের জবাবে ইয়াসিন হাজি বলেন, মসজিদটি পুঠিয়া উপজেলায় হলেও তিনিই ওই মসজিদ কমিটির সভাপতি। তাঁর গ্রামের ৬০ ঘর মুসল্লি সেখানে নামাজ পড়েন। সে জন্য সেখানে তিন টন চাল দিয়েছেন। এ ছাড়া নিজ ইউনিয়নের জায়গিরপাড়া জামে মসজিদে তিন টন চাল দিয়েছেন। দুই টন চাল পুলিশ ফাঁড়িতে দিয়েছেন। চর খিদিরপুর জামে মসজিদে এক টন ও হরিয়ান ঈদগাহে দিয়েছেন এক টন চাল। সাধারণ সম্পাদকের নাম কেটে দিয়েছেন।চাল চেয়ারম্যানের মাধ্যমে না দিয়ে তাঁর মাধ্যমে কেন দেওয়া হচ্ছে জানতে চাইলে ইয়াসিন হাজি বলেন, ‘এমপি সাহেবই চাল বরাদ্দ দিয়েছেন। আমি শুধু সুপারিশ করেছি।’মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) টি এম সেলিম রেজা বলেন, ‘এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ আর কোনো সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’