আ.লীগ নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-৪ আসনের সাংসদ ও তাঁর পরিবার সম্পর্কে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য লেখায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ মেহেদির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাঁধঘাটা গ্রামের রেজানুল আজাদ এই মামলা করেন।
মামলার বাদী রেজানুল আজাদ বলেন, তিনি সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দারকে নিয়ে ‘স্বপ্নের ফেরিওয়ালা’ নামের একটি ইতিবাচক লেখা গত শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ফেসবুকে পোস্ট করেন। এর পরপরই ওই দিন বেলা ১১টা ৫৩ মিনিটে সাঈদ মেহেদি তাঁর ফেসবুক আইডি থেকে সাংসদ ও তাঁর বাবা সম্পর্কে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেন। এ বিষয়টি নিয়ে তিনি ওই দিন সাঈদ মেহেদিকে আসামি করে শ্যামনগর থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেছেন।
ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফেসবুকে এ ধরনের মন্তব্য পোস্ট করার কথা অস্বীকার করে বলেন, তিনি কয়েক দিন অসুস্থ ছিলেন। এ সময় তাঁর মুঠোফোন বিভিন্ন জনের কাছে ছিল। তারা কেউ হয়তো তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের পোস্ট দিতে পারে। তবে তিনি পোস্ট দেখেননি।
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাঈদ মেহেদির আইডি থেকে পোস্ট করা সাংসদ এস এম জগলুল হায়দার ও তাঁর বাবার নামে অসম্মানজনক ও আপত্তিকর মন্তব্যের একটি স্ক্রিনশটও বাদী জমা দিয়েছেন।