আ.লীগ নেতার বিরুদ্ধে দরপত্র বাক্স ছিনতাইয়ের অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাটে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা লোকজন নিয়ে গতকাল সোমবার দরপত্রের বাক্স ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আওলাদ হোসেনকে পুলিশ আটক করলেও তাঁর লোকজন পুলিশের কাছ থেকে তাঁকে ছাড়িয়ে নেয়। এ ঘটনার পর দরপত্র প্রক্রিয়া বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার ৩৭টি হাটবাজার ইজারার দরপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল। শতাধিক ঠিকাদার দরপত্র দাখিলের প্রস্তুতি নিয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। কিন্তু দুপুর দেড়টার দিকে আওলাদ হোসেন লোকজন নিয়ে দরপত্রের বাক্সটি ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনার পরপরই পুলিশ আওলাদ হোসেনকে আটক করে। কিন্তু দলীয় কর্মীরা পুলিশের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নেন। পরে পুলিশ হালুয়াঘাট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের পেছনে দর্শা নদী থেকে দরপত্রের বাক্সটি উদ্ধার করে।এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ-এর হালুয়াঘাট প্রতিনিধি হুমায়ুন কবির মানিক ও যুগান্তর-এর প্রতিনিধি হাতেম আলী আওয়ামী লীগের কর্মীদের হামলার শিকার হন। তাঁদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।ইউএনও সঞ্জয় চক্রবর্তী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আওলাদ হোসেন লোকজন নিয়ে সবার সামনে দরপত্র বাক্স ছিনিয়ে নিয়ে যান। পুলিশ তাঁকে আটক করলেও তাঁর লোকজন তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে তাঁর অফিস সহকারী বছির উদ্দিন বিকেলে হালুয়াঘাট থানায় মামলা করেছেন। দরপত্র প্রক্রিয়া বাতিল করা হয়েছে।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।এ ব্যাপারে অভিযুক্ত আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।