আ.লীগ নেতার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এলাকাবাসী তাঁর বিরুদ্ধে রাজশাহীর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক দাবি করেন, নিয়োগের ব্যাপারে কোনো অনুদান (ডোনেশন) নেওয়া হয়নি। তবে কয়েকজনের কাছ থেকে ছয়-সাত লাখ টাকা করে নেওয়ার প্রমাণ এই প্রতিবেদকের কাছে আছে—জানালে তিনি বলেন, ‘কিছু টাকা নিয়ে নিয়োগসংক্রান্ত কাজে খরচ করেছি।’ এ ছাড়া তিনি দাবি করেন, অনুদানের টাকায় মাদ্রাসা ঘরের পলেস্তারা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, আবদুর রাজ্জাক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে স্থানীয় সাংসদের বরাদ্দপত্র (ডিও লেটার) নিয়ে উপজেলার গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হন। এর পর থেকে তিনি নিয়োগ-বাণিজ্য শুরু করেন। এ পর্যন্ত তিনি নিজের পুত্রবধূসহ সাতজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেন৷ প্রার্থীদের কাছ থেকে অনুদানের নামে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত নিলেও তা মাদ্রাসার হিসাবে জমা দেননি। সহকারী মৌলিভ পদে আরও এক প্রার্থীর নিয়োগ-প্রক্রিয়া শুরু করেছেন। স্থানীয় লোকজনের অভিযোগমতে, আবদুর রাজ্জাক ৪০ লাখ টাকার নিয়োগ-বাণিজ্য করে সব টাকাই পকেটে ভরেছেন।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকবর আলী মণ্ডল জানান, তাঁর প্রতিষ্ঠানে অনুদান বা শিক্ষক নিয়োগের কোনো টাকা জমা হয়নি। অনুদানের অর্থ মাদ্রাসার উন্নয়নমূলক কোনো কাজেও ব্যয় করা হয়নি।
সদ্য অবসরে যাওয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হকও একই কথা বলেছেন। তিনি জানান, তাঁর সময়ে সাতজন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অঙ্কের অনুদান নেওয়ার কথা শুনলেও তা মাদ্রাসার তহবিলে জমা হয়নি। এসব অনুদানের টাকা কোথায় গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতি সব জানেন।
গোয়ালকান্দি গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিল্লুর রহমান জানান, শিক্ষক নিয়োগের নামে লাখ লাখ টাকার বাণিজ্য হলেও প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, আবদুর রাজ্জাক দলের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে তাঁর পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন। জান্নাতুন নেসা নামের এক প্রার্থী অভিযোগ করেন, তাঁর কাছে সভাপতি আট লাখ টাকা দাবি করেছিলেন। ওই পরিমাণ টাকা দিতে অপারগতা জানানোর কারণে তাঁকে চাকরি দেওয়া হয়নি। অফিস সহকারী পদে একাধিক প্রার্থী থাকলেও তাঁর পুত্রবধূ শামসুন্নাহারকে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া অন্য ছয়টি পদে নিয়োগ দেওয়া শিক্ষকদের কাছ থেকেও অনুদানের নামে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছেন।