আ.লীগ নেতার বিরুদ্ধে পাউবোর গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা দীনেশ বিশ্বাসের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি কাঁঠালগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে স্থানীয় জিকে খালের পাশ থেকে কাটা গাছটি পরে আনন্দধাম এলাকার একটি করাতকল থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীনেশ বিশ্বাসের উপস্থিতিতে সোমবার সকাল নয়টার দিকে শ্রমিকেরা ওই খালের পাশের প্রায় ১০ হাজার টাকা দামের একটি কাঁঠালগাছ কাটেন। এরপর তা আনন্দধাম এলাকার সাদেক মিয়ার করাতকলে চিড়ানোর জন্য পাঠানো হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক আকিক ওই করাতকল থেকে গাছটি উদ্ধার করেন।অভিযোগ প্রসঙ্গে দীনেশ বিশ্বাস জানান, গাছটির একটি ডাল রোববার রাতে স্থানীয় জাহাঙ্গীরের ঘরের চালের ওপর পড়ে। পাউবোর একজন কর্মচারীকে জানিয়েই গাছটি কাটা হয়েছে। তবে ওই কর্মচারীর নাম তিনি জানাতে পারেননি। কাটা গাছটি করাতকলে কীভাবে গেল সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। পানি উন্নয়ন বোর্ড আলমডাঙ্গার উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর অনুমতি নিয়ে মামলা করা হবে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাটা গাছটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।