আ.লীগ নেতার বিরুদ্ধে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
যশোরের কেশবপুরে একটি সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে প্রকৌশলীকে লাঞ্ছিত ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জানগর গ্রামে গত বৃহস্পতিবার রাতে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাতবাড়িয়া-সরসকাঠি সড়কের মির্জানগর খালের ওপর স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার ওই সেতুর ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলাকার লোকজন অভিযোগ করেন, ঢালাইয়ে খোয়ার সঙ্গে কম সিমেন্ট মেশানো হচ্ছে।মির্জানগর গ্রামের শেখ ফরিদ উদ্দিন অভিযোগ করেন, কাজের মান খুব খারাপ হচ্ছিল। রাতে কী পরিমাণ সিমেন্ট মেশানো হচ্ছিল, তা ঠিকাদার, প্রকৌশলীসহ উপস্থিত কর্তৃপক্ষ কাউকে জানাচ্ছিলেন না। আবদুল মান্নান অভিযোগ করেন, এখানে এর আগে কপোতাক্ষের বন্যায় একটি সেতু ধসে যায়। সে সেতুটিও নির্মাণে ত্রুটি ছিল।এলাকাবাসী জানান, সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে ঢালাই বন্ধ করার অনুরোধ জানালে তিনি তা শোনেননি। একপর্যায়ে লোকজন তাঁকে মারপিট করে রাস্তা থেকে নিচে ফেলে দেয়।আবদুল্লাহ আল মামুন কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের নেতৃত্বে ১৫-২০ জন কাজ বন্ধ করতে বলেন। তিনি কথা না শোনায় তাঁকে মেরে রাস্তা থেকে নিচে ফেলে দেন।সেতু নির্মাণের ঠিকাদার মাগুরার মেসার্স আমেনা এন্টারপ্রাইজের মালিক মনিরুল ইসলাম বলেন, ওই এলাকায় কাজ শুরুর পরই কিছু লোক চাঁদা দাবি করছিল। তাঁর ধারণা, চাঁদা না দেওয়ায় এসব অনাকাঙ্ক্ষিত ঝামেলা করা হচ্ছে।আওয়ামী লীগের ত্রিমোহিনী ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বলেন, এলাকাবাসী ওই প্রকৌশলীকে মারপিট করেছে। চাঁদা দাবির অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, মামুনের অভিযোগের ভিত্তিতে মশিয়ার রহমানকে আসামি করে আরও অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।