আ.লীগ নেতার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মিছিল করে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার ছেলের বিয়ে-পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দেন। শহরের হাসননগর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে চারটার দিকে তিনি দলের নেতা-কর্মীদের নিয়ে সেখান থেকে শহরের কালীবাড়ি এলাকায় দলীয় প্রার্থী আয়ূব বখত জগলুলের প্রধান নির্বাচনী কার্যালয়ে যান। এরপর সেখান থেকে তাঁর নেতৃত্বে নেতা-কর্মীরা শহরে দলীয় প্রার্থীর পক্ষে মিছিল করেন। মিছিলটি স্টেশন রোড, মধ্যবাজার, জেল রোড, ডিএস রোড হয়ে আবার নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনের গত ২৩ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের ১১ ধারার ২ উপধারায় উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শো-ডাউন করা যাইবে না।’
এ ব্যাপারে কথা বলার জন্য মিসবাহউদ্দিন সিরাজের মুঠোফোনে একাধিকবার যোগযোগ করলেও তিনি ফোন ধরেননি।
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কোনো প্রার্থীর পক্ষে মিছিল করলে সেটা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। তবে রাজনৈতিক দলের কোনো কর্মসূচি থাকলে সেটা ভিন্ন বিষয়।