আ.লীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার রাতে সোনারগাঁ থানায় জিডি দুটি করেন সোহাগ রনি ও মফিজুল ইসলাম নামের আওয়ামী লীগের দুই কর্মী। তাঁরা সোনারগাঁয়ে আওয়ামী লীগের সাংসদ (নারায়ণগঞ্জ-৩) আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সমর্থক হিসেবে পরিচিত।এর আগে বুধবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মাইকে আওয়ামী লীগের নেতা মাহফুজুর রহমানের নাম না বলায় সেখানে তাঁর সমর্থকদের সঙ্গে সাংসদের সমর্থকদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। তবে ঘটনার এক দিন পর শুক্রবার রাতে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক সোহাগ ও মফিজুল সোনারগাঁ থানায় পর পর দুটি জিডি করেন।সোহাগ জিডিতে উল্লেখ করেন, মাহফুজুর রহমান ও তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান শুক্রবার সকালে স্থানীয় মোগড়াপাড়া বাজারে তাঁর (সোহাগ) বড় ভাই সোহেল রানাকে একা পেয়ে মারধর করেন এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। অপর জিডিতে মফিজুল উল্লেখ করেন, মাহফুজুরের ছোট ভাই মোস্তাফিজুর এবং তাঁর দুই সহযোগী শুক্রবার বিকেলে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে তাঁকে (মফিজুল) মারধর করার চেষ্টা করেন।এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাংসদ ও তাঁর চাচার নির্দেশে তাঁদের সমর্থকেরা শহীদ মিনারে হামলা করেছেন। পরে আমাদের বিরুদ্ধে মিথ্যা জিডি করেছেন।’অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘জিডির বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধেই নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে।’