আ.লীগ নেতার বিরুদ্ধে সার পাচারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত সোমবার অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিসিআইসির সাব-ডিলার জহুরুল ইসলাম ওই সার পাচার করছিলেন বলে অভিযোগ উঠেছে।

ধুনট উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, ১৮ দলের টানা অবরোধের কারণে পরিবহনের সমস্যায় দেশের উত্তরাঞ্চলে ইউরিয়ার সংকট দেখা দিয়েছে। এই সুযোগে বেশি লাভের আশায় জহুরুল ইসলাম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান (এ আর এন্টারপ্রাইজ) থেকে ভটভটিযোগে সার পাচার করছিলেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সোমবার বথুয়াবাড়ী এলাকায় বাঙ্গালী নদীর সেতুর ওপর থেকে ১৫ বস্তা সার উদ্ধার করেন। পরে তিনি এসব সার তাঁর কার্যালয়ে সংরক্ষণ করেন। এ ছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জহুরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, জহুরুল ইসলাম আওয়ামী লীগের নেতা। তাই ক্ষমতার জোরে ধুনটের কৃষকের নামে বরাদ্দ করা সার অধিক মূল্যে তিনি অন্য উপজেলায় বিক্রি করছেন।

তবে জহুরুল ইসলাম বলেন, ‘প্রতি বস্তা ইউরিয়ার সরকার-নির্ধারিত দাম ৮০০ টাকা। ধুনটের বথুয়াবাড়ী গ্রামের কৃষক গোলজার হোসেন, শাহজাহান আলী, রঞ্জু মিয়া, ফজলুল হক ও রুহুল আমীন নামের পাঁচ কৃষকের কাছে তিন বস্তা করে ১৫ বস্তা বিক্রি করেছি। এসব সার তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিল, তা আমার জানা নেই।’

তবে ইউএন হাফিজুর রহমান ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।