আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার না করার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ‘পালিয়ে যাওয়া’ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে করা হত্যা মামলা ‘রাজনৈতিক বিবেচনায়’ প্রত্যাহার না করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মো. ছলমান।

মো. ছলমান সিলেট জেলা প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই আবেদন জানান। ২২ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘আরও ১১৪ হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

২০০৪ সালের ২৭ আগস্ট গোলাপগঞ্জে মো. ছলমানের ভাই আবদুল ওয়াহিদ ওরফে খলু মিয়াকে হত্যার ঘটনায় ওই মামলা হয়। সম্প্রতি সেটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে প্রত্যাহারের আবেদন করেছেন মামলায় উচ্চ আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের ওই নেতা।

সংবাদ সম্মেলনে ছলমান বলেন, ‘হত্যার ঘটনাটি প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজাও ঘোষিত হয়েছে। এ অবস্থায় মামলাটি প্রত্যাহার করা হলে আমরা বিচারপ্রার্থীরা উল্টো হয়রানির মুখে পড়ব।’ সংবাদ সম্মেলনে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার পাশাপাশি পুলিশের অভিযোগপত্র ও রায়ের নথি উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, খলু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগের তৎকালীন উপজেলা সভাপতি শফিক উদ্দিনসহ অন্য আসামিরা গুলি করে হত্যা করেন। ওই ঘটনায় গোলাপগঞ্জ থানায় শফিক উদ্দিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম আদালতে শফিক উদ্দিনসহ কয়েক জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (নম্বর ১৬০) দাখিল করেন।

অভিযোগপত্র দাখিলের পর মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী শফিক উদ্দিন ছাড়াও আসামি নিজাম উদ্দিন, ফজলুল হক, কান্তি কুমার শর্মা ও রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে আপিল করলে ওই পাঁচজনকে যাবজ্জীবন ও ছয়জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মো. ছলমান বলেন, ‘ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা শফিক উদ্দিন সম্প্রতি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন এবং অসুস্থ দাবি করে উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশে মামলাটির পুনর্বিচার শুরু হয়েছে। এ অবস্থায় মামলাটিকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা প্রত্যাহারের আবেদন করেছেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন (বর্তমানে দেশে অবস্থানরত) প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ওই ঘটনায় জড়ানো হয়েছে।