আ.লীগ নেতার বিরুদ্ধে হামলা, লুটপাটের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট চালিয়ে জমি দখল করার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। ৮ জানুয়ারি উপজেলার থেউকান্দী গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান বাদী হয়ে চেয়ারম্যান এম তারেক হেলালসহ নয়জনকে আসামি করে বগুড়ার বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে এলাঙ্গী বাজার এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বাড়িঘর ও দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন জিয়াউর রহমান। ওই জমির কিছু অংশের মালিক ছিলেন জিয়াউর রহমানের চাচা নুর মোহাম্মদ। ২০১২ সালে এলাঙ্গী ইউপির চেয়ারম্যান তারেক হেলাল নুর মোহাম্মদের কাছ থেকে গোপনে সেখান থেকে আড়াই শতক জমি কেনেন। এই খবর প্রকাশ পেলে জিয়াউর রহমান আদালতে একটি পেনশন মোকদ্দমা দায়ের করেন। এতে হেলাল ক্ষিপ্ত হয়ে ২২ ডিসেম্বর বিকেলে তাঁর লোকজন নিয়ে জিয়াউর রহমানের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। পরে জমি দখল করে হেলাল সেখানে পাকা ঘরবাড়ি নির্মাণ শুরু করেন।এরপর ৮ জানুয়ারি জিয়াউর রহমান বাদী হয়ে হেলালসহ নয়জনকে আসামি করে বগুড়া বিচারিক হাকিম আদালতে মামলা করেন। শুনানি শেষে আদালত ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযোগের ব্যাপারে এম তারেক হেলাল বলেন, তিনি মামলার বাদীর চাচার কাছ থেকে জমি কিনেছেন। তিনি সেখানে বাড়িঘর নির্মাণ করছেন। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।গত শুক্রবার যোগাযোগ করা হলে ধুনট থানার ওসি বলেন, ‘মামলার কাগজপত্র এখনো হাতে পাই নাই। পেলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’