আ.লীগ নেতার ভাটায় কাঠ যাবে বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইটভাটায় ব্যবহারের জন্য এক ট্রাক জ্বালানি কাঠ গত শনিবার সন্ধ্যায় আটক করেন বন বিভাগের কর্মীরা। কিন্তু ইটভাটাটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমদের জানার পর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ১৯৮৯-এর ৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি ইট পোড়ানোর জন্য জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবেন না।
বন বিভাগের কর্মীরা জানান, শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলার আদমপুর-কমলগঞ্জ সড়কে চণ্ডীপুরে বন তল্লাশি চৌকির কাছে এক ট্রাক আমের কাঠ আটক করা হয়। ট্রাকের লোকজন বনকর্মীদের জানান, কাঠগুলো উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে মোসাদ্দেক আহমদের সাবারী ব্রিক ফিল্ডে যাচ্ছে। মোসাদ্দেক চিফ হুইপ আবদুস শহীদের ছোট ভাই। পরে আওয়ামী লীগের নেতাদের প্রভাবে সহকারী বন সংরক্ষক শাহেদুর রহমানের নির্দেশে তাঁরা ট্রাকটি ছেড়ে দেন।
শাহেদুর রহমান বলেন, কাঠগুলো অনুমোদিত আম কাঠ বলে ছেড়ে দেওয়া হয়। ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ জানার পরও ছাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ইটভাটায় জ্বালানি কাঠ জব্দের অভিযান চালানো হবে। এ বিষয়ে আওয়ামী লীগের নেতা মোসাদ্দেক আহমদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।