আ.লীগ নেতার মামলায় বান্দরবান জনসংহতি সমিতির সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মারমাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতার করা মামলায় গত রোববার রাতে তাঁকে শহরের কালাঘাটা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
উছোমং মারমাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সমাবেশে উছোমংয়ের মুক্তি এবং জনসংহতির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।
জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবা মং মারমা বলেন, রোববার রাত সাড়ে ১২টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল করিম জেএসএসের ১১ নেতা-কর্মীসহ অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে উছোমং মারমাকে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
গত ১৩ জুন রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়িপাড়া থেকে আওয়ামী লীগের বান্দরবান সদর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য মংপু মারমা অপহৃত হন। এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেন নেতা-কর্মীরা। অপহরণের ঘটনায় বান্দরবান জেএসএসের ৩৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় উছোমং মারমাকে আসামি করা হয়।
জেএসএসের কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক বলেন, ২৭ জুলাই জেলা জেএসএস সভাপতি উছোমং মারমাসহ শীর্ষ ১০ নেতা অপহরণ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন পাওয়া ১০ জনের মধ্যে সাতজনকে চাঁদাবাজির মামলায় আসামি করা হয়েছে।
জেএসএসের কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বান্দরবানের সভাপতিসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাশ বলেন, গত শুক্রবার সদর উপজেলার আমতলী তঞ্চঙ্গ্যাপাড়ায় মামলার বাদীর কাছে আসামিরা চাঁদা দাবি করেন। গ্রেপ্তার উছোমংকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
এদিকে উছোমং মারমাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, সরকারি দলের নেতা-কর্মীরা নিজেদের অপকর্ম জনসংহতির ওপর চাপাতে চাচ্ছেন। সমিতির নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে দায় নিতে হবে বলে তাঁরা হুঁশিয়ার করে দেন।